৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কার পূর্বানুমান
দুয়ারে হাজির চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কার। রবিবার রাতে [বাংলাদেশ সময় ১৬ মার্চ ভোর] যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে জমকালো ৯৮তম আসর। কাদের মুখে ফুটবে শেষ হাসি? এ নিয়ে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম পূর্বানুমান করেছে। সেসব পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ ২০ বিভাগের সম্ভাব্য বিজয়ীর তালিকা করেছেন কামরুল ইসলাম [সূত্র : কালের কণ্ঠ, ১৪ মার্চ ২০২৬]

সেরা চলচ্চিত্র—
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
যদিও এবার ১৬টি মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছে রায়ান কুগলারের ‘সিনার্স’। তবে সেরা ছবির পুরস্কারটি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর ঝুলিতে যাওয়ার সম্ভাবনাই বেশি—এমনই অনুমান নিউইয়র্ক টাইমস ও হলিউড রিপোর্টারের। ইতোপূর্বে গোল্ডেন গ্লোব ও বাফটায় সেরা ছবি হয়েছে এটি। তবে ভ্যারাইটির অনুমানে এগিয়ে রাখা হয়েছে ভ্যাম্পায়ার হরর ছবি ‘সিনার্স’কে।
সেরা পরিচালক—
পল থমাস অ্যান্ডারসন
এ যুগের সেরা নির্মাতাদের একজন। এ পর্যন্ত অস্কারে ১৪টি মনোনয়ন পেয়েছেন। তবে জেতা হয়নি এখনো। হলিউড রিপোর্টার ও নিউইয়র্ক টাইমসের মতে, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জন্য এবার গুণী এ নির্মাতার হাতেই উঠতে পারে কাঙ্ক্ষিত স্বর্ণমূর্তি।
সেরা অভিনেতা—মাইকেল বি জর্ডান
‘সিনার্স’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন জর্ডান। কিছুদিন আগেই অ্যাক্টরস অ্যাওয়ার্ড বগলদাবা করেছেন। নিউইয়র্ক টাইমস, ভ্যারাইটি ও হলিউড রিপোর্টার সবার অনুমানেই এগিয়ে আছেন তিনি।
সেরা অভিনেত্রী—জেসি বাকলি
অঘটন না ঘটলে এবারের অস্কারে সেরা অভিনেত্রী হবেন জেসি বাকলি। ‘হ্যামনেট’-এ শেক্সপিয়রের স্ত্রীর চরিত্রে তাঁর অভিনয় দাগ কেটেছে দর্শক-সমালোচকের মনে। এই পুরস্কারের মৌসুমে গোল্ডেন গ্লোব থেকে শুরু করে বাফটা, অ্যাক্টরস অ্যাওয়ার্ড সবই জিতে নিয়েছেন আইরিশ এ অভিনেত্রী।
সেরা পার্শ্ব-অভিনেতা—শন পেন
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এ অনবদ্য অভিনয়ের জন্য অ্যাক্টরস অ্যাওয়ার্ড ও বাফটা পেয়েছেন তিনি। হলিউড রিপোর্টার ও নিউইয়র্ক টাইমসের মতে, অস্কারেও সেরা পার্শ্ব অভিনেতা হবেন শন। তবে ভ্যারাইটির অনুমান বলছে, ‘সিনার্স’-এর জন্য দেলরয় লিন্ডো পাবেন পুরস্কারটি।
সেরা পার্শ্ব-অভিনেত্রী—
অ্যামি ম্যাডিগান
‘ওয়েপনস’ ছবিতে দারুণ অভিনয় করেছেন আমেরিকান এ অভিনেত্রী। পেয়েছেন ক্রিটিকস চয়েস ও অ্যাক্টরস অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কার। ভ্যারাইটি, নিউইয়র্ক টাইমস ও হলিউড রিপোর্টার সবার অনুমান বলছে, সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কারটি বাড়ি নিয়ে যাবেন অ্যামি। ব্যতিক্রম ঘটলে ‘সিনার্স’-এর জন্য উনমি মোসাকুও পুরস্কারটি পেতে পারেন।
মৌলিক চিত্রনাট্য—সিনার্স
ব্যতিক্রম গ—গু ও চিত্রনাট্যে প্রশংসা কুড়িয়েছে ছবিটি। ভোটাররা চাইবেন, অন্তত এর জন্য হলেও একটি অস্কার জিতুন নির্মাতা রায়ান কুগলার। সবগুলো গণমাধ্যমেই তাঁর নামটি এগিয়ে রাখা হয়েছে। তবে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’র জন্য ওয়াকিম ট্রিয়ার পুরস্কার জিতলেও অবাক হবে না কেউ।
রূপান্তরিত চিত্রনাট্য—
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস কিংবা বাফটা সবখানে রূপান্তরিত চিত্রনাট্যের পুরস্কারটি জিতেছে এই ছবি। থমাস পিনছনের ‘ভাইনল্যান্ড’ উপন্যাসকে চিত্রনাট্যে রূপ দিয়েছেন নির্মাত পল থমাস অ্যান্ডারসন। অস্কারটা তাঁর হাতেই উঠবে—এমনই অনুমান হলিউড রিপোর্টার, ভ্যারাইটি ও নিউইয়র্ক টাইমসের। অন্যথায় ‘হ্যামনেট’ নির্মাতা ক্লোয়ি ঝাও চিত্রনাট্যকার ম্যাগি ও’ফ্যারেল বাজি মাত করতে পারেন।
অ-ইংরেজি ছবি—সেন্টিমেন্টাল ভ্যালু
সাধারণ এক গ—েগুর মধ্য দিয়ে পরিবারের গভীর টানাপোড়েন ও আবেগ ফুটে উঠেছে নরওয়েজিয়ান এ ছবিতে। ওয়াকিম ট্রিয়ারের হাতেই তাই উঠবে সেরা অ-ইংরেজি ভাষার ছবির পুরস্কার। নিউইয়র্ক টাইমস, ভ্যারাইটি ও হলিউড রিপোর্টার সকলেরই এই মত। তবে এ বিভাগের শক্ত প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’।
অ্যানিমেটেড ফিচার ছবি—
কেপপ ডিমন হান্টারস
গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস পুরস্কার পেয়েছে ছবিটি। অস্কারেও এর ব্যত্যয় ঘটবে না—অনুমান নিউইয়র্ক টাইমস, হলিউড রিপোর্টার ও ভ্যারাইটির। তবে দর্শকপ্রিয় ছবি ‘জুটোপিয়া ২’র সম্ভাবনাও কম নয়।
সেরা গান—গোল্ডেন
‘কেপপ ডিমন হান্টারস’ ছবির ‘গোল্ডেন’ গত বছরের অন্যতম সফল গান। তিন গণমাধ্যমের একই অনুমান, সেরা অরজিনাল গানের অস্কার পাবে এটি। এর বাইরে ‘সিনার্স’-এর ‘আই লাইড টু ইউ’র সম্ভাবনাও বেশ।
অরিজিনাল স্কোর—সিনার্স
প্রেক্ষাপটের সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোরে বাজিমাত করেছে ‘সিনার্স’। বাফটা ও ক্রিটিকস চয়েসে পুরস্কার জিতেছে। এবার অস্কারও উঠবে সুইডিশ সংগীত পরিচালক লুডউইগ গোরান্সনের হাতেই—এমনটাই অনুমান।
শব্দ—এফ ওয়ান
ব্র্যাড পিট অভিনীত ছবিটি সাফল্য পেয়েছিল বক্স অফিসে। বাফটা ও ক্রিটিকস চয়েছে সাউন্ডের পুরস্কার পেয়েছে এটি। ভ্যারাইটি ও হলিউড রিপোর্টারের অনুমান, অস্কারও পাবে ছবিটি। তবে নিউইয়র্ক টাইমস এগিয়ে রেখেছে ‘সিনার্স’কে।
ভিজ্যুয়াল ইফেক্টস—
অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ
গত বছর ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় ছবি ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ দিয়ে বাজিমাত করেছেন জেমস ক্যামেরন। অস্কারেও ভিজ্যুয়াল ইফেক্টসের পুরস্কারটি এই ছবিই পাবে—একমত ভ্যারাইটি, নিউইয়র্ক টাইমস ও হলিউড রিপোর্টার। শেষ মুহূর্তে বাজি পাল্টে দিতে পারে ‘সিনার্স’।
সিনেমাটোগ্রাফি—
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
ক্যামেরার কারসাজিতে নিঃসন্দেহে চমক দেখিয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। অস্কারে ছবিটিকে এগিয়ে রেখেছে তিনটি গণমাধ্যমই।
প্রডাকশন ডিজাইন—ফ্রাঙ্কেস্টাইন
ব্যতিক্রম ধাঁচের সায়েন্স ফিকশন ছবি ‘ফ্রাঙ্কেস্টাইন’। প্রডাকশন ডিজাইনে অস্কারের জন্য ভ্যারাইটি, নিউইয়র্ক টাইমস ও হলিউড রিপোর্টার সবাই এগিয়ে রেখেছে ছবিটিকে। অন্যথায় যেতে পারে ‘হ্যামনেট’-এর ঝুলিতে।
সম্পাদনা—
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সম্পাদনার জন্য বাফটা পেয়েছে ছবিটি। অস্কারেও রয়েছে অন্যদের চেয়ে এগিয়ে। তবে শেষ মুহূর্তে ‘সিনার্স’ জিতলেও অবাক হবে না কেউ।
কস্টিউম ডিজাইন—ফ্রাঙ্কেস্টাইন
নিউইয়র্ক টাইমস, হলিউড রিপোর্টার কিংবা ভ্যারাইটি, সবার অনুমানে কস্টিউম ডিজাইনের অস্কার পাবে ছবিটি।
তথ্যচিত্র—দ্য পারফেক্ট নেইবার
নিউইয়র্ক টাইমস ও হলিউড রিপোর্টারের মতে সেরা তথ্যচিত্র হতে পারে ‘দ্য পারফেক্ট নেইবার’। তবে ভ্যারাইটির মতে, পুরস্কার পেতে পারে ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’।
লাইভ অ্যাকশন শর্ট—
টু পিপল এক্সচেঞ্জিং সালিভা
নিউইয়র্ক টাইমস ও ভ্যারাইটির অনুমানে এই বিভাগে পুরস্কৃত হবে ফরাসি ছবিটি। তবে হলিউড রিপোর্টারস এগিয়ে রেখেছে ‘দ্য সিংগার্স’কে।