আগামী নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণ করবে
[প্রকাশ : দেশ রূপান্তর, ১০ জানুয়ারি ২০২৬]

১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মো. ফাওজুল কবির খান। তিনি বলেন, এটা পাঁচ বছরের জন্য নির্বাচন নয়। এই নির্বাচন দেশের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে। এই নির্বাচনে একটা গণভোট হচ্ছে। এখানে ‘হ্যাঁ’ ভোট অথবা ‘না’ ভোটের ব্যবস্থা রয়েছে। আপনি যদি চান দেশে সংস্কার হোক, তাহলে ‘হ্যাঁ’ ভোট দেবেন। আর যদি সংস্কার না চান, তাহলে ‘না’ ভোট দেবেন। তবে এ সংস্কারের জন্যই জুলাই গণঅভ্যুত্থানে এত মানুষ প্রাণ দিয়েছে।
গতকাল শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর বড় মাঠে ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, দেশের সবচেয়ে ক্ষমতাবান কারা। প্রধান উপদেষ্টা কিংবা রাষ্ট্রপতি বা উপদেষ্টাদের ক্ষমতা আছে। কিন্তু আমাদের থেকে আপনাদের ক্ষমতা বেশি। সেই ক্ষমতাকে দেখানোর দিনটা হচ্ছে ১২ ফেব্র“য়ারি। এ নির্বাচন কিন্তু আগের কোনো নির্বাচনের মতো নয়। দিনাজপুরে সংখ্যালঘু ও আদিবাসী ভোটার রয়েছেন। তারা যেন নির্বিঘেœ ভোট দিতে পারেন, সে বিষয়ে জেলা ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
রেলপথ-নদী শাসনে মধ্যপাড়ার পাথর ব্যবহারের নির্দেশ : দেশের একমাত্র উৎপাদনশীল মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড পরিদর্শনে গিয়ে রেললাইন নির্মাণে ব্লাস্ট পাথর ও নদী শাসন কাজে খনির বোল্ডার পাথর ব্যবহারের নির্দেশ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গত বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া পাথর খনি পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন। এ সময় উপদেষ্টা মধ্যপাড়া খনিতে বাংলাদেশ রেলওয়ে ৪০/৬০ মিলি (ব্লাস্ট) পাথর ব্যবহার বাড়াতে উপস্থিত রেলের ডিজিকে নির্দেশ দেন। এ ছাড়া নদী শাসন কাজে খনির বোল্ডার পাথর ব্যবহারে পানিসম্পদ উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন। পরে তিনি রেলওয়ের ডিজিকে মধ্যপাড়া পাথরখনি-ভবানীপুর ১৪ কিলোমিটার রেলপথ দ্রুত সংস্কারের নির্দেশ দেন।