‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’
মাহবুবুর রহমান তুহিন [প্রকাশ : দেশ রূপান্তর, ১০ মার্চ ২০২৬]

প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা বাংলাদেশ। একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ একটি দেশ। ভৌগোলিক অবস্থান, বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল, অসংখ্য নদ-নদী এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে এই দেশে প্রায়ই ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও অন্যান্য দুর্যোগ আঘাত হানে। এসব দুর্যোগে প্রতিবছর বিপুল পরিমাণ মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়। তাই দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির গুরুত্ব স্মরণ করিয়ে দিতে প্রতিবছর ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়। প্রতিবারের মতো এবারও নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি দেশব্যাপী দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।’ তরুণরাই আমাদের আলোকিত আগামী। তারুণ্যের সম্মিলিত সাহস জাতিকে উদ্দীপ্ত করে, আলোড়িত করে, অনুপ্রাণিত করে। আমাদের সমস্ত অর্জনের অনুঘটক তারুণ্য। ১৯৭১’র মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সর্বশেষ ২০২৪’র জুলাই গণঅভ্যুত্থানের জীবন্ত ও জ্বলন্ত উদাহরণ। আমরা বিশ্বাস করি, দুর্যোগ কালরাত মোকাবিলা করে আমাদের জন্য সোনালি সকাল নিয়ে আসবে। যে সকাল আমাদের সৌভাগ্য, সমৃদ্ধি আর সম্ভাবনা নিয়ে আসবে। এ পরিপ্রেক্ষিতে এবারের প্রতিপাদ্য বিশেষ তাৎপর্য ও গুরুত্ব বহন করে।
বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ অনেক দুর্যোগের ঘটনা রয়েছে, যা আমাদের প্রস্তুতির গুরুত্ব বারবার মনে করিয়ে দেয়। ১৯৭০ সালের ভয়াল ঘূর্ণিঝড় ছিল বিশ্বের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। সে সময় প্রায় ৩ থেকে ৫ লাখ মানুষের মৃত্যু ঘটে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে ব্যাপক জলোচ্ছ্বাসে অসংখ্য গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর ১৯৯১ সালে বাংলাদেশ আবারও এক ভয়াবহ ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়। এ দুর্যোগে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষের মৃত্যু হয় এবং প্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ঘরবাড়ি, ফসল ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। এই বিপর্যয় বাংলাদেশকে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন করে ভাবতে বাধ্য করে। পরবর্তী সময়ে ২০০৭ সালে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘সিডর’। প্রায় ২৪০ কিলোমিটার গতির বাতাস ও জলোচ্ছ্বাসে উপকূলীয় অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সরকারি হিসাবে প্রায় ৩ হাজার ৫শ মানুষের মৃত্যু ঘটে এবং কয়েক মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তবে অতীতের তুলনায় ক্ষয়ক্ষতি কম হওয়ার অন্যতম কারণ ছিল আগাম সতর্কবার্তা, সাইক্লোন শেল্টার এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা। সাম্প্রতিক সময়েও দুর্যোগের ঝুঁকি কমেনি। ২০২০ সালে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আম্পান’ বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। যদিও আগাম প্রস্তুতি ও ব্যাপক আশ্রয়কেন্দ্র ব্যবস্থার কারণে সম্ভাব্য বড় ধরনের প্রাণহানি অনেকটাই এড়ানো সম্ভব হয়।
দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর সমন্বয়ের জন্য জাতীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন দূর ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির মাধ্যমে বিভিন্ন সংস্থা ও বিভাগের মধ্যে সমন্বয় করা হয়। এছাড়া নিয়মিত সভা, প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে সমন্বয় আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি অনুযায়ী স্থানীয় পর্যায়ে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। এসব কমিটি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে পরিচালিত হয়। দুর্যোগের আগে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে এসব কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে তারাই প্রথমে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করেন। সরকার বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নতুন স্বেচ্ছাসেবক তৈরি করছে এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জাম দিয়ে সক্ষমতা বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান সরকার ভূমিকম্পের দুর্ভোগ লাঘব ও উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে ঢাকা মহানগরীতে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরির কার্যক্রম হাতে নিয়েছে। চট্টগ্রাম ও সিলেটসহ অন্যান্য মহানগরীতেও এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে আগাম সতর্কীকরণ ব্যবস্থায় স্যাটেলাইট তথ্য, ডিজিটাল আবহাওয়া পূর্বাভাস, মোবাইল এসএমএস সতর্কবার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাইরেন ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে দ্রুত এবং কার্যকরভাবে জনগণের কাছে সতর্কবার্তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। তাই সম্ভাব্য বড় ভূমিকম্প মোকাবিলার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সমন্বয়ে উদ্ধার সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং নিয়মিত মহড়া আয়োজন করছে। একই সঙ্গে নগর স্বেচ্ছাসেবকদের নিয়মিত প্রশিক্ষণসহ নানা ধরনের কার্যক্রম চলমান। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে নগর অনুসন্ধান ও উদ্ধার সক্ষমতা বৃদ্ধি এবং জরুরি সাড়া প্রদানের ব্যবস্থা জোরদার করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের প্রকৃতি ও তীব্রতা পরিবর্তিত হচ্ছে। তাই দুর্যোগ ব্যবস্থাপনায় অভিযোজনমূলক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। টেকসই অবকাঠামো নির্মাণ, জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনা এবং কমিউনিটি পর্যায়ে ঝুঁকি হ্রাস কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার দুর্যোগ ঝুঁকি হ্রাসে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন- ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি। এসব পদক্ষেপের ফলে অতীতের তুলনায় অনেক ক্ষেত্রে দুর্যোগে প্রাণহানি কমানো সম্ভব হয়েছে। দুর্যোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব না হলেও সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমে এর ক্ষয়ক্ষতি অনেক কমানো সম্ভব। তাই সবাইকে দুর্যোগ সম্পর্কে সচেতন হতে হবে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। আমরা যদি সবাই মিলে প্রস্তুত থাকি, তাহলে একটি নিরাপদ, সচেতন ও দুর্যোগ-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
লেখক: সিনিয়র তথ্য অফিসার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়