নিবন্ধন পেল নেজামে ইসলাম পার্টি ও বিইপি
[প্রকাশ: বাংলাদেশ প্রতিদিন, ২৯ ডিসেম্বর, ২০২৫]

নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)।
এর মধ্যে নেজামে ইসলাম পার্টিকে প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ‘বই’। ‘দোয়াত কলম’ পেয়েছে বিইপি।
রবিবার নির্বাচন কমিশন তাদের দাপ্তরিক ওয়েবসাইটে নতুন নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় দল দুটির নাম প্রকাশ করে।
নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, আদালতের আদেশে নিবন্ধন পেয়েছেন তারা। শেষ মুহূর্তে নিবন্ধন দিলেও মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর বিষয়ে আবেদন করা হয়নি।
বিইপির চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মন বলেন, আমরা নিবন্ধন পেয়েছি। সোমবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর জন্য আবেদন করব।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে সোমবার (২৯ ডিসেম্বর পর্যন্ত)।
এএমএম নাসির উদ্দিন কমিশনের হাত ধরে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে এ নিয়ে ছয়টি দল নিবন্ধন পেল।
এর আগে গত ৪ ডিসেম্বর নিবন্ধন পায় আমজনতার দল ও জনতার দল। এর মধ্যে নিবন্ধনের দাবিতে অনশনে বসা তারেক রহমানের আমজনতার দল পায় ‘প্রজাপতি’ প্রতীক। আর ‘কলম’ প্রতীক দেওয়া হয় জনতার দলকে।
গত ১৮ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।
এনসিপিকে প্রতীক দেওয়া হয়েছে ‘শাপলা কলি’। আর ‘কাঁচি’ প্রতীক পেয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। নিবন্ধন পেতে আগ্রহী নতুন দলের কাছ থেকে এ বছরের ১০ মার্চ আবেদন আহ্বান করা হয়েছিল। একদফা সময় বাড়ানোর পর ২২ জুনের মধ্যে ১৪৩টি দল আবেদন করে।
এর মধ্যে নতুন ছয়টি নিয়ে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়ালো ৫৯। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়েছে। বাতিল হয়েছে পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন।
বিডি প্রতিদিন/জুনাইদ