কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান

অলোক আচার্য [প্রকাশ : দেশ রূপান্তর, ১৩ জানুয়ারি ২০২৬]

প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান

বিশ্বে এআই-এর ক্রমবর্ধমান প্রভাবের সঙ্গে সঙ্গে, খুব শিগগিরই এটি মানুষের জন্য একটি কার্যকর বিকল্প হয়ে উঠতে পারে এতে কোনো সন্দেহ নেই। গত কয়েক বছরেই, এআই বিশ্বব্যাপী হিংস্র দানবের মতো রাজত্ব করছে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে এআই মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। সত্য হলো যে, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছি এবং এর থেকে বেরিয়ে আসার উপায় নেই।

 

 

মানুষ একবার বিজ্ঞানের যে কোনো শাখায় প্রবেশ করলে, ফিরে আসার উপায় থাকে না। মানুষের ব্যক্তিগত জীবন থেকে চাকরির বাজার, যুদ্ধক্ষেত্র থেকে খেলার মাঠ, সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহার মানুষের জন্য একদিকে আশার আলো, অন্যদিকে হুমকি হয়ে উঠেছে। প্রশ্ন হলো, বাস্তবতা কি সত্যিই এ পরিবর্তনকে গ্রহণ করতে প্রস্তুত? বর্তমানে এআই সম্পর্কিত বার্ষিক রাজস্ব প্রায় ৫০ বিলিয়ন ডলার, যা অ্যাপলের মোট বার্ষিক রাজস্বের এক-অষ্টমাংশ। প্রযুক্তিগত সক্ষমতার প্রতি আগ্রহ ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে, এখন মনোযোগ এআই-এর অর্থনৈতিক এবং সামাজিক প্রভাবের দিকে সরে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে এই প্রভাবগুলো স্পষ্টভাবে দৃশ্যমান হতে শুরু করবে।

 

 

বিশ্ব জুড়ে প্রায় ৮০ কোটি মানুষ  ChatGPT  ব্যবহার করে। মার্কিন আদমশুমারি ব্যুরোর মতে, ২৫০ জনেরও বেশি কর্মচারীসহ মাত্র ১০ শতাংশ কোম্পানি তাদের উৎপাদন প্রক্রিয়ায় আরও সংহত করেছে। জুলাই মাসে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির একটি জরিপে দেখা গেছে, কোম্পানিগুলোতে আরও পরীক্ষামূলক উদ্যোগের ৯৫ শতাংশ কোনো আর্থিক সুবিধা তৈরি করতে ব্যর্থ হয়েছে। ব্যাংক অব ইংল্যান্ডের মতে অক্টোবরের শুরুতে, মার্কিন S&P  ৫০০ সূচকের মোট বাজার মূল্যের ৪৪ শতাংশ এআই-নির্ভর কোম্পানিগুলোর হাতে ছিল। ভবিষ্যৎ আয়ের তুলনায় এই কোম্পানিগুলোর মূল্য বা মূল্যায়ন সূচক ছিল ৩১, যেখানে সমগ্র সূচকের গড় ছিল ১৯। 

আমরা সবাই আজ শিল্পবিপ্লবের ধারণার সঙ্গে কমবেশি পরিচিত। কারণ শিল্পবিপ্লবের পর্যায় অতিক্রম করার পরেই আজকের যান্ত্রিক সভ্যতায় পৌঁছাতে সক্ষম হয়েছি। কৃষিভিত্তিক সমাজে, শিল্প তার স্থান দখল করছে। কৃষিতে যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। শিল্পবিপ্লবের পূর্ববর্তী অর্থনীতির গতিশীলতা এবং শিল্পবিপ্লবের পরবর্তী অর্থনীতির গতিশীলতা ভিন্ন। বলা যেতে পারে, শিল্পবিপ্লব অর্থনীতির গতিতে এক জাদুকরী পরিবর্তন এনেছে। মানুষের অভ্যাস এবং রুচিতে পরিবর্তন এসেছে। প্রথম শিল্পবিপ্লবের বহু যুগ পর, আজ আমরা চতুর্থ শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। বাকি শুধু সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করা।

 

 

প্রথম শিল্পবিপ্লব শুরু হয়েছিল ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে। কৃষি ও শিল্পে যান্ত্রিকীকরণ চালু হয়েছিল। প্রথম শিল্পবিপ্লবের পর বিশ্ব অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা হয়েছিল। উৎপাদন ব্যবস্থার বৈজ্ঞানিক পরিবর্তন মানব শিল্পের বিকাশকে বদলে দিয়েছে। কৃষি থেকে কারখানা প্রক্রিয়াকরণে ব্যাপক পরিবর্তন এসেছে। দ্বিতীয় শিল্পবিপ্লব ঘটেছিল ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ থেকে বিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত। আমরা প্রধানত বিদ্যুৎ আবিষ্কারের মাধ্যমে দ্বিতীয় শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করি। এবং তৃতীয় শিল্পবিপ্লব শুরু হয়েছিল ১৯৬০-এর দশকে। যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধনকারী বাষ্পীয় ইঞ্জিনের ব্যবহারের পর, ১৯৬৯ সালে ইন্টারনেটের ব্যবহার শুরু হলে শিল্পবিপ্লব পূর্ণ গতি লাভ করে। যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে সহজ হয়ে উঠছে। এটি বিশ্বের দূরবর্তী দেশগুলোকে আরও কাছে নিয়ে আসছে। ধীরে ধীরে উৎপাদন ব্যবস্থা এবং প্রক্রিয়াকরণ সম্পূর্ণরূপে যান্ত্রিক হয়ে উঠছে। বর্তমানে বিশ্ব একটি বিশ্বগ্রামে পরিণত হয়েছে। 

 
 
 
আমরা নিজেদের চতুর্থ শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে প্রস্তুত করছি। এখন প্রয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা, কৃষি, চিকিৎসা, উৎপাদন ব্যবস্থা, যোগাযোগ এবং প্রযুক্তিসহ প্রতিটি ক্ষেত্রে এর ব্যবহার করে, চতুর্থ বিপ্লবের পরিবর্তনের জন্য নিজেদের উপযুক্ত করে তোলা। প্রযুক্তিকে আধুনিকীকরণের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। হাতে ধরা অ্যান্ড্রয়েড চালিত মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ইন্টারনেট, ছোট এবং শক্তিশালী সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, কর্মক্ষেত্রে মানুষের পরিবর্তে রোবটের ব্যবহার, জিন প্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিং সব মিলিয়ে চতুর্থ শিল্পবিপ্লব গঠন করে। আজ আমাদের সামনে এই পরিবর্তন দেখতে পাচ্ছি। পরিবর্তনগুলো খুব দ্রুত ঘটছে। মানুষের পরিবর্তে শিল্প খাতে রোবট ব্যবহার শুরু হচ্ছে। দেশের প্রতিভাবান ব্যক্তিরা রোবট নিয়ে গবেষণা করছেন। মাঝে মাঝে সংবাদপত্রে সেই রোবটগুলোর ছবি ছাপা হচ্ছে। উন্নত বিশ্ব ক্রমাগত এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবর্তন আনছে। শিক্ষা, চিকিৎসা,কৃষি এবং উৎপাদন ব্যবস্থায় নানামুখী পরিবর্তন আসছে। আমরাও চুপ করে বসে থাকতে পারি না।
 
 
 
 এখন প্রশ্ন হলো, আমাদের প্রস্তুতি নিয়ে। চতুর্থ শিল্পবিপ্লব সম্পর্কে আমরা কী ভাবি বা এই পরিবর্তনে আমরা কীভাবে অংশগ্রহণ করতে পারি তা নিয়ে আলোচনা চলছে। প্রযুক্তিগত উন্নয়ন একটি নিয়মিত প্রক্রিয়া। এই উন্নয়নের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলেই কাক্সিক্ষত সাফল্য আসতে পারে। কিন্তু সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য প্রস্তুতি প্রয়োজন। চতুর্থ শিল্পবিপ্লব এবং অন্যান্য শিল্পবিপ্লবের মধ্যে প্রধান পার্থক্য হলো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিল্পবিপ্লব কেবল মেশিন এবং প্রযুক্তির মাধ্যমে মানুষের শারীরিক শ্রমকে ত্বরান্বিত করেছিল। কিন্তু চতুর্থ শিল্পবিপ্লব কেবল শারীরিক নয় বরং মানসিক ও বৌদ্ধিক শ্রমকেও আরও গতিশীল এবং নিখুঁতভাবে ত্বরান্বিত করেছে। যুক্তরাজ্য-ভিত্তিক গবেষণা সংস্থা wPC-এর মতে, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী প্রায় ৮০ কোটি মানুষ তাদের বর্তমান চাকরি হারাতে পারেন।
 
 
 
কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স এবং স্মার্ট অটোমেশনের ওপর ভিত্তি করে চতুর্থ শিল্পবিপ্লবের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট কর্মীবাহিনীর ৩৮.৪৭ শতাংশ, যুক্তরাজ্যে ৩০ শতাংশ, জাপানে ২১ শতাংশ এবং জার্মানিতে ৩৫ শতাংশ মানুষের চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক সিএনবিসির শীর্ষ মানবসম্পদ নির্বাহীদের ওপর করা একটি জরিপে দেখা গেছে যে, আগামী বছরে এআই প্রায় ৮৯ শতাংশ চাকরির ওপর প্রভাব ফেলবে। জরিপে অংশগ্রহণকারী নির্বাহীদের মতে, এআই অর্ধেকেরও বেশি চাকরির ওপর প্রভাব ফেলতে পারে। তবে, অনেক কোম্পানি এখনো এআই সম্পূর্ণরূপে ব্যবহার শুরু করেনি। সিএনবিসির গবেষণা অনুসারে, এআই ব্যবহার করে প্রতিসপ্তাহে গড়ে ৭.৫ ঘণ্টা সময় সাশ্রয় করা যেতে পারে। অর্থাৎ কাজের মান উন্নত করা গেলেও, সময় কমানো যেতে পারে। এটি বিশ্ব জুড়ে অফিস, কল সেন্টার এবং আইটি সেক্টরে বিশেষভাবে কার্যকর হতে পারে।
 
 
 
 
 
তবে জরিপে দেখা গেছে যে, কিছু কোম্পানি আগামী বছর কর্মী ছাঁটাই করতে পারে। জরিপে অংশগ্রহণকারী ৬১ শতাংশ কর্মকর্তা বিশ্বাস করেন যে, এআই ব্যবহার প্রতিষ্ঠানকে আরও দক্ষ এবং উৎপাদনশীল করে তুলেছে। ৭৮ শতাংশ বিশ্বাস করেন, এআই উদ্ভাবন তাদের সংগঠনকে শক্তিশালী করেছে।
 
 
 

সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আমাদের লক্ষ্য, একটি উন্নত জাতি হওয়া। উন্নত জাতি হতে হলে, আমাদের চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিগত সুবিধার সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে হবে। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। দারিদ্র্যের হার শূন্যে নামিয়ে আনা, দেশকে ক্ষুধামুক্ত, সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ এবং বৈষম্য কমিয়ে আনা জরুরি। সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিরলসভাবে কাজ করছে। এর জন্য শিক্ষা ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে বিশ্লেষকরা মনে করেন। চতুর্থ শিল্পবিপ্লবের মূল শক্তি আমাদের কর্মসংস্থান খাতে থাকবে বলে মনে করা হচ্ছে। প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং কর্মক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের কারণে, মানুষের শ্রমের পরিবর্তে সেই জায়গাগুলোতে রোবট দেখা যাচ্ছে এবং ভবিষ্যতে এই হার আরও বাড়বে। মূলত চাকরির বাজার এবং এর ধরনে পরিবর্তন আসবে।

 

 

 

যদি আমরা সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারি, তাহলে চতুর্থ শিল্পবিপ্লবের প্রথম ধাক্কা মোকাবিলা করা কঠিন হবে। তবে, সম্প্রতি এই ধারণার পরিবর্তন হয়েছে। প্রযুক্তি বিকাশ মানুষের অনেক সময় সাশ্রয় করবে এবং এটি তাদের অন্যান্য কাজ করার সুযোগ দেবে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে, যেসব চাকরি হারিয়ে যাবে, তার জায়গায় নতুন চাকরি তৈরি হবে এমন কোনো গ্যারান্টি নেই। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, রোবট এবং অ্যালগরিদমের কারণে বিভিন্ন চাকরির উৎপাদনশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে। তবে এর ফলে নতুন চাকরির সুযোগও তৈরি হবে। অন্য কথায় প্রযুক্তি যদি আমাদের কর্মসংস্থানের ভারসাম্যকে প্রভাবিত করে, তাহলে সমাধান এই প্রযুক্তিতেই নিহিত। বিশ্ব অর্থনৈতিক ফোরাম চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলা করার জন্য, প্রয়োজনীয় দক্ষতার একটি তালিকা তৈরি করেছে। চতুর্থ শিল্পবিপ্লব যোগাযোগ ব্যবস্থাকে দ্রুততর করবে। শিল্পোন্নত দেশগুলো দ্রুত থেকে দ্রুততর যানবাহন তৈরিতে ব্যস্ত। রাস্তা, আকাশ, সমুদ্র এবং রেলপথ, সব দিকেই গতি বাড়ছে। দৈনন্দিন জীবনের কার্যক্রম সহজ হবে। প্রযুক্তির ব্যবহার আপনাকে সেই সুবিধা দেবে। কেবল নিজেকে প্রস্তুত করার কাজটি করতে হবে। আমরা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি।

 

 

 

ইতিমধ্যেই আমরা প্রযুক্তি ব্যবহারের প্রান্তিক স্তরে পৌঁছাতে সক্ষম হয়েছি। দক্ষ মানবসম্পদ তৈরির জন্য তরুণদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিক্ষাসহ তথ্যপ্রযুক্তিতে দেশের ৪জি ইন্টারনেট প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য, আমরা এখন দেশের মধ্যে প্রথম ৫জি ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করছি। একটি হাই-টেক পার্ক প্রতিষ্ঠিত হয়েছে যা প্রযুক্তির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চতুর্থ শিল্পবিপ্লবকে কাজে লাগাতে হলে, সব ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করতে হবে। এজন্য দক্ষ মানবসম্পদ তৈরি করা প্রয়োজন। দেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। মনে রাখতে হবে, এই কর্মসংস্থান হবে প্রযুক্তিনির্ভর। বাংলাদেশ চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করতে চায় এবং তার অবস্থানকে শক্তিশালী করতে চায়। এক সময় বিদেশের প্রযুক্তি পণ্যে ব্যবহৃত হতো। আজ দেশে ব্যবহৃত হওয়ার পরেও দেশীয় পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। আমরা আমাদের দক্ষতা দিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করব এবং পূর্ণ সুবিধা কাজে লাগানোর জন্য নিজেদের দক্ষ করে তুলব। এর বাইরে আপাতত বিকল্প কোনো পথ খোলা নেই।